ইসরায়েল বিরোধী পোস্ট দিলেই গ্রেপ্তার করছে সৌদি

সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল বিরোধী পোস্ট করায় সৌদি আরবে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে ইসরায়েল বিরোধী অবস্থান নেয়ায় ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট জানানো হয়নি। তবে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একজন একটি কোম্পানির শীর্ষ কর্মকর্তা। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছিলেন। এছাড়া আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়।

সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে, সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই আশঙ্কা থেকেই এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই জানা গেল ইসরায়েল বিরোধীদের ওপর কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি।