খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যা জানালেন ডা. জাহিদ 

লিভার প্রতিস্থাপন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তাই, বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফেরার পর সাংবাদিকদের এসব কথা জানান ডাক্তার জাহিদ। কিডনি, লিভার, আর্থাইটিসসহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই এখন জটিল বলেও জানান ডাক্তার জাহিদ।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া গতকাল নিজ ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে, সেখানে ভার্চুয়ালি যুক্ত হন বিদেশি ডাক্তাররাও। পরে মেডিকেল বোর্ডের সুপারিশে বৃহস্পতিবার রাতে বাসায় নিয়ে আসা হয় খালেদা জিয়াকে।

আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে বলে জানান খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক।