কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশের ১০ জেলেকে মিয়ারমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।গত বুধবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নদীর অংশের মোদিরখাল থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আবদুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আইউবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণি (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫), আইউব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, বুধবার সকালে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ শিকার করতে যায়। জাল দিয়ে খালের মুখে মাছ ধরার সময় হঠাৎ করে আরকান আর্মির সদস্যরা এসে ১০ জেলেকে ধরে নিয়ে যায়।
অন্য জেলেদের কাছ থেকে তিনি এ কথা জেনেছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি জানান, গত মার্চ মাসের শুরুর দিকে পালংখালী ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমানকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গিয়েছিল। ১৯ দিন পর তার মরদেহ নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছিল।
উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জেনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। বিজিবির হস্তক্ষেপে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে।’