প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, তাদের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন, জনগণ তা জানতে চায়। জনগণের ভোট ডাকাতি করেছেন আপনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।
সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে শুক্রবার (৩ মে) ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, তিনি বলেছেন পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে, তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন। বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্কর ভাবমূর্তি লুকাতে চাচ্ছেন। কিন্ত প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লুকানো যায় না।
তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নেতারা নাকি দেশ ছেড়ে যাচ্ছেন। আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবইতো ক্ষমতাসীনরা দখল করেছে। বিদেশেতো তারা যাচ্ছে যাদের স্বজনরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ লুট করেছে তারা। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, টাকা পাচার করেছে তাদের বিচার হয় না। যারা গরিব কৃষক, চাষের জন্য ৫ হাজার টাকা ব্যাংক লোন নিয়েছে তাদের ধরা হচ্ছে।
তিনি আরও বলেন বর্তমান এ বৈরী আবহাওয়ার জন্য প্রকৃতি দায়ী নয়। দায়ী হলো আওয়ামী লীগের লুটেরা শ্রেণি। আওয়ামী লীগের অনাচারকারীরা। নদী, নালা, খাল বিল ভরাট করে, বন জঙ্গল উজার করে লুটেরা শ্রেণি দেশকে মরুভূমি বানাতে চায়। মানুষ আওয়ামী লীগের লুটেরাদের হাত থেকে পরিত্রাণ চায়।
তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক,, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরি পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান,আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ, এবিএম আবদুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হাজী জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।