অভিষেকে তানজিদের ফিফটিতে সহজ জয় বাংলাদেশের

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল দুদলের দুজনের। জিম্বাবুয়ের জয়লর্ড গাম্বি ব্যর্থ হলেও অভিষেক ম্যাচে অপরাজিত ফিফটি করে বাংলাদেশকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম। দুদফায় বৃষ্টি বাধায় খেলা পণ্ডের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। ২৮ বল বাকি থাকতে চার মেরে জয় নিশ্চিত করেন তানজিদ।

তানজিদ অপরাজিত থাকেন ৪৭ বলে ৬৭ রান করে। তার ইনিংসে ৮ চার ও ২টি ছক্কা। অন্যপ্রান্তে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। তিনি ৫ চার ও ১ ছক্কায় ১৮ বলে করেন ৩৩ রান। দুজন তৃতীয় উইকেটে জুটি গড়েন অবিচ্ছিন্ন ৬৯ রানের।

ব্যর্থতা কাটাতে পারেননি লিটন দাস। ৩ বলে ১ রানেই থেমেছে তার ইনিংস। অধিনায়ক শান্ত করেন ২৪ বলে ২১ রান। জিম্বাবুয়ের হয়ে উইকেট দুটি পান ব্লেসিং মুজারাবানি ও লুক জঙ্গউই।

তার আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। এক পর্যায়ে দলীয় ৪১ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা। 

অষ্টম উইকেটে ক্লিভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজার ৭৫  রানের জুটিতে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে। মাদান্দে খেলেন ৪৩ রানের ইনিংস।

সাইফউদ্দিন ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।

৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পরের ম্যাচ রবিবার।