কয়েকশত নারীকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভারতের কর্নাটকের বিজেপি সমর্থিত জেডিএস প্রার্থী প্রজ্বল রেভান্নার জার্মানিতে পালিয়ে যাওয়া নিয়ে কেন্দ্রকে বার বার দায়ী করেছে কংগ্রেসসহ বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী তথা কংগ্রেস নেতা রামাপ্পা টিম্মাপুর অভিযুক্ত বিদায়ী সংসদ সদস্যের সঙ্গে কৃষ্ণের তুলনা করায় নতুন বিতর্ক তৈরি হলো।
সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি হাসান আসনের বিদায়ী সংসদ সদস্য প্রজ্বলের যৌন কেলেঙ্কারির হাজার তিনেক ভিডিও ভরা একটি পেনড্রাইভ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অভিযোগকারী বিজেপি নেতা দেবরাজ গৌড়ার দাবি, গত পাঁচ বছর ধরে হাসানের সংসদ সদস্য কয়েক হাজার নারীকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিও নিজেই তুলে রাখতেন।
ধর্ষণের অভিযোগ ওঠার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি গিয়েছেন প্রজ্বল। বিদেশে যাওয়ার জন্য প্রজ্বল কোনো রাজনৈতিক অনুমোদন চাননি, দেওয়াও হয়নি। ফলে ভিসা নোটও জারি করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তার কূটনৈতিক পাসপোর্ট থাকলেও বিদেশে যেতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন। প্রজ্বলের সেই অনুমোদন ছিল কিনা, প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে কর্ণাটকের ২৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৪টিতে এখনো ভোটগ্রহণ বাকি। এই পরিস্থিতিতে প্রজ্বলকাণ্ড নিয়ে বিজেপি এবং তার সহযোগী জেডিএসকে তীব্র আক্রমণ করে প্রচারে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। খবর আনন্দবাজার অনলাইনের।
গতকাল বৃহস্পতিবার বিজয়পুরায় কংগ্রেসের এক সভায় মন্ত্রী রামাপ্পা বলেন, ‘প্রজ্বল যে কাণ্ড করেছেন, তাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হতে পারে। তিনি নারীসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নজিরও ছাপিয়ে গেছেন।’ কর্ণাটকের বিজেপি নেতা বিওয়াই বিজয়েন্দ্র কৃষ্ণের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত প্রজ্বলের তুলনা টানায় রামাপ্পা এবং কংগ্রেসের সমালোচনা করেছেন।