পুলিশের সঙ্গে সংঘর্ষ

চেয়ারম্যানের সমর্থকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পাবনার সুজানগরে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। সুজানগর থানায় পুলিশ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এ মামলা করে বলে জানিয়েছেন পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম।

আসামিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সমর্থক মতিন শেখ (৫০)।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ভায়না ইউনিয়নের কালীর মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামানের সমর্থকদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সমর্থকদের কথাকাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় শাহীনুজ্জামানের সমর্থকরা ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের বাড়িতে হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শাহীন সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে ভায়না গ্রামের বাদশা প্রামাণিক ও মতিন শেখ গুলিবিদ্ধ হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন। গুলিবিদ্ধদের আটক করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা করে পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে আটক ৪ জনের নাম উল্লেখসহ অনেককে অজ্ঞাতপরিচয় আসামি করে বৃহস্পতিবার রাতে মামলা করার পর গতকাল শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে দুজনকে কারাগারে পাঠানো হয়।