রাজধানীতে এক দিনে ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর ভিন্ন এলাকা থেকে একদিনে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জুরাইনের একটি বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবার বলছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী রিতিকা।

এ ছাড়া খিলগাঁও থেকে ইয়াসিন (২২) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। আর বাড্ডা সাতারকুল এলাকার একটি টিনশেড বাসা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব জুরাইন ঋষিপাড়া এলাকার মীর মঞ্জিল বাসার তৃতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ ও বেলা পৌনে ১২টার দিকে ইয়াসিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর দুর্গন্ধ পেয়ে দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ৩টি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, পূর্ব জুরাইন ঋষিপাড়ায় নানী আলেয়া বেগমের বাসায় থাকতেন রিতিকা। তার বাবা আবুল কালাম আজাদ ২০ দিন আগে মারা গেছেন। তার মা খোরশেদা আক্তার ও বড় ভাই রিফাতুল জুরাইনের অন্য একটি বাসায় থাকেন। মা ও ভাইয়ের সাথে থাকতে রাজি ছিলেন না তিনি।

তিনি জানান, খবর পেয়ে তার নানীর ওই বাসার তিনতলার ড্রয়িং রুমে শায়িত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ছেলের সাথে ওই শিক্ষার্থীর সম্পর্ক ছিল তার। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

এদিকে, মৃত রিতিকার মামা মীর নুরুল আলম জানান, ২০ দিন আগে রিতিকার বাবা আবুল কালাম মারা গেছেন। এরপর থেকে রিতিকা নানির বাসায় থাকত। শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে নানির সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে তারা দেখেন রিতিকা ড্রয়িং রুমে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে নানি, মামা ও স্বজনরা মিলে তাকে নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

অপরদিকে, ইয়াসিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। পরিবারের সঙ্গে খিলগাঁও ত্রিমোহনী মাদবর বাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয় ইয়াসিন নামে ওই যুবক। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পরিবারের কারো কাছ থেকে এখনও জানা যায়নি।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, শনিবার (৪ মে) দুপুরে খবর পেয়ে সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গত ৪ দিন আগে বাসাটি ভাড়া নেয় ওই নারী ও এক ব্যক্তি। আজ ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে দুই-একদিন আগে ওই নারী মারা গেছেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।