সিটির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আর্সেনাল, কিন্তু…

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের ৩৬তম ম্যাচে আজ শনিবার আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয় পেল মিকেল আর্তেতার দল।

তাতে ৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্টে শীর্ষেই রইলো আর্সেনাল। অর্থাৎ ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এগিয়ে গেল চার পয়েন্টে। কিন্তু সিটি আর্সেনালের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে। আজ রাতে ম্যানসিটি খেলবে উলভসের বিপক্ষে।

সেই ম্যাচে সিটি জিতলে পয়েন্টের ব্যবধানটা কমে আবারও ১ এ নেমে আসবে। এক ম্যাচে বেশি বাকি থাকবে সিটির।

ঘরের মাঠ এমিরেটসে আর্সেনাল ৪৫ মিনিটে এগিয়ে যায় পেনাল্টি গোলে। কাই হাভার্টজকে নিজেদের বক্সে ফেলে দেন বোর্নমাউথ গোলকিপার মার্ক ট্রাভের্স। পেনাল্টি থেকে গোল করেন বুকায়ো সাকা। চলতি মৌসুমে লিগে এটি সাকার ১৬তম গোল।

৭০ মিনিটে ডেকলাইন রাইসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ান্দ্রো ত্রোসার্ড। লেফট উইঙ্গার ত্রোসার্ডের এটি ১১তম গোল এবারের লিগে। ম্যাচের যোগকরা সময়ে গোল করেন ডেকলাইন রাইস নিজেই। লিগে রাইসের গোলসংখ্যা হলো ৭টি, অ্যাসিস্ট করেছেন ৯টিতে।

গোল আরও হতে পারতো ম্যাচে। দুই দলই জালে বল পাঠান আরও বেশ কয়েকবার। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি।