কর্তোয়ার মাঠে ফেরার ম্যাচে রিয়ালের জয়

হাঁটুর ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কর্তোয়া। চলতি মৌসুমে আজ প্রথমবারের মতো মাঠে নামলেন তিনি। ৯ মাস পর কর্তোয়ার মাঠে ফেরার দিনে রিয়াল পেয়েছে জয়। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে।

আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। প্রথম লেগ ড্র হয়েছে। তাই গতকাল রিয়ালের শুরুর একাদশে কার্লো আনচেলত্তি রাখেননি বেলিংহ্যাম, ভিনিসিউস, রদ্রিগো, টনি ক্রুসের মতো নিয়মিতদের। বার্নাব্যুতে প্রথমার্ধে কোনো গোলও হয়নি।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৪৮ মিনিটে কাদিজের বক্সের বাইরে ফ্রি-কিক পায় রিয়াল। গুলেরের নেওয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কাদিজ গোলকিপার। দুই মিনিট পরই কাদিজের পাল্টা আক্রমণে গোল হজম করতে পারত রিয়াল। কাদিজের ক্রিস রামোস এক পেয়ে গিয়েছিলেন কর্তোয়াকে। তবে গোল পোস্ট ছেড়ে ছুটে এসে দারুণ সেভ দেন কর্তোয়া।

ম্যাচের ৫১ মিনিটে ডেডলক ভাঙে। মদ্রিচের পাস পেয়ে বক্সে ঢুকে দুর্দান্ত গতির শটে বল জালে জড়ান ব্রাহিম দিয়াজ। চলতি লা লিগায় এটি তার ষষ্ঠ গোল। ৬৬ মিনিটে গুলেরকে তুলে নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার বেলিংহ্যামকে নামান আনচেলত্তি। মাঠে নামার দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। এবারের লিগে এটি তার ১৮তম গোল। ৭৩ মিনিটে দিয়াজকে তুলে ভিনিকে নামান রিয়াল মাদ্রিদ কোচ। ম্যাচের যোগকরা সময়ে গোল করেন হোসেলু। 

রিয়াল মাদ্রিদ এই জয়ের ফলে শিরোপার আরও কাছে গেল। যদি আজ রাতে জিরোনা ও বার্সেলোনা ম্যাচে পয়েন্ট হারিয়ে থাকে জাভির দল তবে লিগ শিরোপা জিতে যাবে রিয়াল মাদ্রিদ। 

৩৪ ম্যাচ শেষে ৮৭ পয়েন্টে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭৩ পয়েন্টে আছে দুইয়ে।