ইজিবাইক হারানো অসহায় কামালের পাশে জামালপুরের মেয়র

ইজিবাইক হারানো অসহায় কামাল শেখের (৫৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। তিনি একটা ইজিবাইক কিনে দেন তাকে। ইজিবাইক পেয়ে খুশিতে আত্মহারা ইজিবাইকচালক কামাল শেখ।

আজ শনিবার (৪ মে) দুপুরের দিকে অসহায় পরিবারটির হাতে ইজিবাইকের চাবি ও সাথে ৬৬ হাজার নগদ অর্থ দেওয়া হয়। ইজিবাইক চালক কামাল পৌর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, জামালপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে গত ২৩ মার্চ বিকাল পাঁচটার দিকে কামাল শেখের ইজিবাইকটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করেও ইজিবাইকটি পাননি তিনি। উপর্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কামাল। এরপর থেকে খুব কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। পরে তিনি জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের কাছে আসেন এবং সমস্যার কথা বলেন। পরে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক মানবিক বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন এবং পৌর মেয়রের কাছে একটি ইজিবাইক কিনে দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বলেন। পরে তিনি কামাল শেখকে নতুন ইজিবাইক দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় ফেইসবুক স্ট্যাটাস দেখে আরও কিছু মানুষ মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংবাদিক মোহাম্মদ আলীর কাছে ৬৬ হাজার নগদ অর্থ সহায়তা দেন। পরে সেই নগদ অর্থ কামালের ঘর মেরামত করার জন্য দেওয়া হয়।

এ সময় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও মেয়রের বড় ভাই আনোয়ার হোসেন, কামাল শেখের স্ত্রীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গাড়ি পেয়ে আবেগে আপ্লুত হয়ে কামাল শেখ বলেন, ‘আমি কখনো ভাবিনি, আমি আবার দাঁড়াতে পারব। স্ত্রী-সন্তানদের নিয়ে এত কষ্টে জীবন-যাপন করছিলাম যে বলে বুঝাতে পারব না। মেয়র সাহেব এবং জাহাঙ্গীর সেলিম ভাইয়ের সহযোগিতায় আবার বাঁচার স্বপ্ন দেখতেছি।’

এ বিষয়ে জাহাঙ্গীর সেলিম বলেন, খুব কষ্টে জীবন-যাপন করছিল কামাল। আমার কাছে এলে আমি বিষয়টি মেয়র মহোদয়কে বলি এবং সমাজের বিত্তশালীদের কাছে সহযোগিতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন। মেয়র একটি ইজিবাইক কিনে দেন এবং ভাঙাচুরা ঘর মেরামত করা জন্য ৬৬ হাজার টাকা সংগ্রহ করে কামালকে দেওয়া হয়।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘মেয়র হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমার কাছে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ভাই কামালের বিষয়টি জানালে আমি তাৎক্ষণিক তাকে কথা দেই আমি একটি ইজিবাইক কিনে দেব। আমার কাছে ভালো লাগছে এ রকম মানবিক কাজ করতে পেরে।’