সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ফ্রেশার রিসিপশন ২০২৩-২০২৪’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। অনুষ্ঠানের শুরুতে, নবীনদেরকে বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞান অন্বেষণে উৎসাহী হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, প্রকৃত শিক্ষার কোন সীমানা নেই এবং জ্ঞানের সাধনা একটি জীবনব্যাপী যাত্রা। তাদেরকে জাতির ভবিষ্যত কর্ণধার উল্লেখ করে তিনি ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞান ও শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নৈতিক এবং সুশৃঙ্খল জীবন ধারনের উপর জোর দিতে বলেন।
তিনি আরও উল্লেখ করেন, বিইউপি, নিয়মিত লেখাপড়ার বাইরে শিক্ষার্থীদেরকে নৈতিক ও শৃংখলাবদ্ধ জীবনযাপনের শিক্ষা দিয়ে তাদেরকে সৎ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট।
প্রধান অতিথি আরও উল্লেখ করেন, বিইউপিতে বিভিন্ন ক্লাব রয়েছে, যেগুলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পারস্পারিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তিনি মাদকের ভয়াবহতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বিশেষভাবে শিক্ষার্থীদেরকে সময়ের সদ্ব্যবহার, সত্যবাদিতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দেন।
উপাচার্য তার বক্তব্যে আরও বলেন, সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিইউপি Outcome based এবং need-based education বদ্ধ পরিকর। উপাচার্য পরিশেষে নবীন শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিইউপির ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকতা, শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।