বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন এ জে মোহাম্মদ আলী

রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে (আব্দুল জামিল) মোহাম্মদ আলীকে। গতকাল শনিবার জানাজা শেষে সন্ধ্যায় বনানী করবস্থানে তার পিতা মরহুম এম এইচ খন্দকারের (বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল) কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ জে মোহাম্মদ আলী। তিনি অনেক দিন ধরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ জন্য তিনি নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতেন। এর ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুর ২টার কিছু পরে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় আনা হয়। 

গতকাল বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এ জে মোহাম্মদ আলীর প্রথম জানাজা এবং বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হয়।