লা লিগা জিতে আনচেলত্তির নজর এখন বায়ার্ন ম্যাচে

নিজেদের কাজটা আগেই করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে রিয়াল ৩-০ গোলে হারায় কাদিজকে। এর কিছুক্ষণ পর জিরোনার কাছে বার্সেলোনা হারলে চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন হয় রিয়াল।

এটি রিয়ালের রেকর্ড ৩৬তম লিগ শিরোপা। শিরোপা জয়ে খুশি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে তার নজর এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে। বুধবার বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে রিয়াল।

আনচেলত্তি বলেন, 'আমরা খুব খুশি। সব দিক বিবেচনায় এই লা লিগা শিরোপাটি আমাদের প্রাপ্য ছিল। সমর্থকরা আমাদের দারুণ সমর্থন দিয়ে আসছেন। আমরা সমর্থকদের নিয়ে এটি উদযাপন করতে চাই। কিন্তু বুধবার আমাদের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ (বায়ার্নের বিপক্ষে)। আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চাই সমর্থকদের আরও খুশি করার জন্য। শনিবার আমরা উৎসব করবো।'

মৌসুম জুড়ে স্কোয়াডে থাকা খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়েছেন দলের জন্য। এই বিষয়টি শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন কার্লো আনচেলত্তি। 'সবার দলের প্রতি নিবেদন অঙ্গিকারই এই মৌসুমের মূল বিষয়। ড্রেসিং রুমে আমাদের পরিবেশ দারুণ। সবাই জিততে চায়। খেলোয়াড়দের ধন্যবাদ আর সমর্থকদেরও। বার্নাব্যুতে তারা আমাদের সব সময় সমর্থন দিয়ে এসেছেন।'

শিরোপা জয়ের পেছনে বিশেষ যে মুহুর্তগুলো কথা বলেছেন আনচেলত্তি তা হলো, রিয়াল বাদে বাকিদের বেশি হোচট খাওয়া, বার্সেলোনার বিপক্ষে বেলিংহ্যামের গোল।

রিয়ালে কোচ হিসেবে এটি আনচেলত্তির ১২তম শিরোপা। এ নিয়ে রিয়াল কোচ বলেন, '১২তম শিরোপা রিয়ালে, বিষয়টি আমার মাথায় আছে। কিংবদন্তি মিগুয়েল মুনোজের আরও কাছে পৌছে গেলাম। আমরা আরও একটি ফাইনাল খেলতে চাই লন্ডনে।' মুনোজ রিয়ালের হয়ে কোচ হিসেবে ১৪টি শিরোপা জেতেন।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল লন্ডনে।