চিকিৎসার নামে ব্লেড দিয়ে অপারেশন করতো মিল্টন সমাদ্দার

অসহায় ও গুরুতর আহত লোকদের চিকিৎসার নামে মিল্টন নিজেই ব্লেড দিয়ে অপারেশন করতো বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করা হতো। অন্যের কষ্ট দেখে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন।

রবিবার (৫ মে) দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ ঘটনার দায় মিল্টনের স্ত্রী এড়াতে পারবে না বলেও সাংবাদিকদের জানান হারুন অর রশিদ।

তিনি বলেন, আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। মিল্টন সমাদ্দারের স্ত্রী একজন নার্স হয়েও, ‘চাইল্ড এন্ড এজ কেয়ারে’ তার স্বামীর পৈশাচিক কাজের প্রতিবাদ করেনি। ফলে এই দায় এড়ানোর সুযোগ নেই তার স্ত্রী মিতু হাওলাদারের। মিল্টনের অ্যাকাউন্টে ১ কোটি ৮৫ লাখ টাকা আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

কয়েকঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে মিল্টনের স্ত্রী মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, আইন অনুযায়ি বিচার হবে মিল্টনের। সে দোষি কিনা তা প্রমাণ করবে আদালত।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতনসহ অনেক অভিযোগ ওঠে। এরপরই সামাজিকমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরবর্তীতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়। তার মধ্যে, ডিবির দায়ের করা মামলায় গত ২ মে মিল্টনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।