দুবাই থেকে ভারতে সোনা পাচারের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন আফগানিস্তানের ‘একমাত্র’ নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক। তিনি মুম্বাইয়ের আফগান কনসাল জেনারেল। ভারতের এই জ্যেষ্ঠ আফগান কূটনীতিক এই ঘটনাকে তার বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ ও মানহানি’ বলে দাবি করেছেন।
জাকিয়া মনে করেন, আফগানিস্তানের একমাত্র নারী কূটনীতিক হওয়ায় তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। খবর নিউ আরব ও এনডিটিভির।
রবিবার (০৫ মে) পদত্যাগের ঘোষণা করে এক বিবৃতিতে জাকিয়া বলেন, গত এক বছরে আমি অসংখ্য ব্যক্তিগত আক্রমণ ও মানহানির সম্মুখীন হয়েছি। শুধু আমি নই, আমার পরিবার ও আত্মীয়দের সঙ্গেও এমন করা হয়েছে। জাকিয়া এ ঘটনাকে আফগান সমাজে নারীদের চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন।
এপ্রিলের শেষ সপ্তাহে মুম্বাই বিমানবন্দরে জাকিয়াকে ২৫ কেজি সোনাসহ আটক করেছিল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। জব্দকৃত সোনার বাজারমূল্য ছিল প্রায় ১৮ কোটি রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে, তবে তাকে গ্রেপ্তার করা হয়নি। কারণ তিনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটির অধীনে রয়েছেন।
আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন জাকিয়া। পরে ২০২১ সালে তালিবান সরকার দেশটির ক্ষমতায় আসে। তালিবানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাকিয়ার পদত্যাগের বিষয়ে মন্তব্য করেনি। অপরদিকে জাকিয়া আফগানিস্তানের একমাত্র নারী কূটনীতিক তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।