৩৩ বছর পর একসঙ্গে

অমিতাভ বচ্চন ও রজনীকান্ত ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে কাজও করেছেন বেশকিছু; বেশকিছু চলচ্চিত্র হিটও হয়েছে। সুপারহিট ‘হাম’ সিনেমায় অভিনয় করেছিলেন দুজন। এ ছাড়াও একসঙ্গে ‘আন্ধা কানুন’ এবং ‘গ্রেপ্তার’-এর মতো কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন এই জুটি। এরপর দীর্ঘ সময় আর একত্রে পর্দায় আসা হয়নি। এই দীর্ঘ ৩৩ বছর পর অবশেষে এক হয়ে পর্দায় ফিরছেন এই জুটি। সোশ্যাল হ্যান্ডেলে রজনীকান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। রজনীকান্তের সঙ্গে কোলাকুলি করছেন অমিতাভ, এমন একটি ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘ভীষণ রকম সম্মানিত থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে ফের কাজ করতে পেরে। বিন্দুমাত্র বদলাননি তিনি। এত বড়মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি সত্যিই সরল, বিনয়ী এবং খুব ভালো একজন বন্ধু।’

ভারতীয় চলচ্চিত্রের দুই জ¦লজ¦লে পোস্টারকে একত্রে দেখে ভক্তরাও ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরা নিজেদের আবেগ নানাভাবেই প্রকাশ করছেন। অনেকেই ছবিটি শেয়ার দিচ্ছেন, অনেকেই মন্তব্য লিখছেন। ‘বলিউডের শাহেনশাহ আর কলিউডের বাদশা।’

‘বেট্টায়ন’ নামের একটি চলচ্চিত্রে এবার অমিতাভ-রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে। এর আগে এই প্রকল্পটিকে ‘থালাইভার ১৭০’ হিসেবেই ডাকা হতো। শোনা যাচ্ছে, রজনীকান্তের ৭৩তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে এটি। আর এই সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে অমিতাভের। দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য ভক্তদের অপেক্ষা এখনই শুরু হয়ে গেছে।