বিএসটিআই থেকে ২২টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ২২টি প্রতিষ্ঠানকে ২৮টি আইএসও সনদ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রবিবার রাজধানীর তেজগাঁও বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি মো. আমিন হেলালীসহ আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম বলেন, বিএসটিআই থেকে আইএসও সনদ গ্রহণ প্রমাণ করে পণ্য মান এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি। দেশে যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে দেশ তত বেশি উন্নত হবে। বিজ্ঞপ্তি