বরগুনার আমতলী উপজেলায় ডলার ও রিয়াল প্রতারক ‘ডলার জালাল’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে বরগুনাসহ বিভিন্ন এলাকায় সৌদি রিয়াল ও ডলার বিক্রির কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল এ চক্রটি।
রবিবার (৫) এপ্রিল সারাদিন অভিযানের পরে বিকেল ৫টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রতারক চক্রের মুল হোতা জালাল হাওলাদার ওরফে ডলার জালালকে আটক করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দা শাখার সদস্যরা।
প্রতারক চক্রের সদস্যরা হলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া পাতাকাটা নামক এলাকার মো. সানু ফকির (৫০), মো. তৈয়ব হাওলাদার (৬০), মো. মিজানুর রহমান মিজান (৩০), একই ইউনিয়নের ঘটখালী নামক এলাকার মো. আল ইমরান ওরফে সুজন সিকদার (৩০) ও কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর নামক এলাকার মো. শাহিন বয়াতী (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতারক জালাল হাওলাদার ওরফে ‘ডলার জালাল’ কুকুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন। তার নিয়ন্ত্রণে রয়েছে বিশাল বাহিনী। প্রতারক এই চক্রটি সারা দেশে প্রতারণার ফাঁদ পেতে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে।
জানা গেছে, সাধারণ মানুষকে মিথ্যা গল্প বলে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মুদ্রা কম রেটে বিক্রি এবং বিদেশ থেকে ফেরত আসার পরে মুদ্রাগুলো বিক্রি করতে পারছে না— এমন লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কাজ করে চক্রটি।
বরগুনা ডিবি অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বশির আলম বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা একাধিক প্রতারণার কথা স্বীকার করেছেন। চক্রের মুল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।