সুন্দরবনে অগ্নি নির্বাপণ অভিযান শুরুর ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকার বঙ্গ বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লে: কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী। সোমবার বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
কর্ণেল তাজুল ইসলাম বলেন, সকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপরও আগামী দুইদিন ধরে জায়গাটিতে নজরদারী রাখা হবে। এ সময় বনবিভাগের টিম সেখানে পানি ছেটানো অব্যাহত রাখবে। আর দুপুরের পর ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের।
এর আগে শনিবার দুপুরে লাগা আগুন নেভানোর কাজ শুরু হয় রবিবার সকালে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে বনের ৫ একর জায়গা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরুর ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ঘোষণা দিয়ে কার্যক্রম সীমিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।