পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন। সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা গোমেজের প্রেম এখন নিয়মিত শিরোনাম। প্রণয় থেকে পরিণয়ে গড়াচ্ছে সম্পর্ক। জাস্টিন বিবারের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন সেলেনা গোমেজ।
ম্যাগাজিন এলির প্রতিবেদন অনুসারে, সেলেনার কাছের সেই সূত্র মতে, ব্লাঙ্কো সেলেনাকে হাসিখুশি রাখেন সবসময়। তার কাছে সেলেনা নিরাপদ এবং সুখী বোধ করেন। তারা দুজনেই দুজনকে চিরকাল একসঙ্গে কাটানোর মতো মানুষ মনে করছেন। সম্পর্কটি অনেক দূর যাবে, এমনটাই মনে করছেন সেলেনা। তারা বিয়ে এবং সন্তানের ব্যাপারে আলোচনা করেছেন। সেলেনার ঘনিষ্ঠ আরেকটি সূত্রও একই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘সেলেনা তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছেন। তিনি এখন থিতু হতে চান।’
গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে গোমেজ ও ব্লাঙ্কোর প্রেমের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। ‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ দুজনকে ঘিরে একটি পোস্ট করে। সেখানে খোদ গোমেজ মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’! এরপরে, সামাজিক মাধ্যমে লেখেন, ‘আগে যাদের সঙ্গে সম্পর্কে ছিলাম, ও তাদের সবার চেয়ে ভালো।’
এরপর থেকেই তুমুল আলোচনায় এই জুটির প্রেম। শূন্য দশকের শেষ দিকে সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন বেনি ব্লাঙ্কো। বেশ কিছু হিট গান রয়েছে তার ঝুলিতে। তবে মূল শিল্পী হিসেবে ‘ইস্টসাইড’ গান দিয়ে ২০১৮ সালে অভিষেক হয় তার। এড শিরান, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ারস, রিয়ানার মতো তারকার সঙ্গেও কাজ করেছেন ব্লাঙ্কো।
কাজ করেছেন সেলেনা গোমেজের সাবেক প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গেও। গোমেজ ও ব্লাঙ্কো ২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন। সেখান থেকেই ভালোলাগার শুরু। তবে প্রেমের শুরু সাম্প্রতিক সময়ে। প্রেমের সম্পর্কে জড়ানোর পর ইনস্টাগ্রামে প্রায়ই নিজেদের ছবি শেয়ার করেন সেলেনা।