শাকিব খানের সিনেমার প্রস্তাব পেয়েছিলেন কর্ণিয়া! 

স্টেজ শোয়ের পাশাপাশি একক গানে বেশ ব্যস্ত সময় পার করছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। অন্যান্য চ্যানেলের পাশাপাশি এখন নিজের ইউটিউব চ্যানেলেও গান করছেন ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত এ সংগীতশিল্পী। সদ্যই উন্মুক্ত হয়েছে তার নতুন গান ‘ঢাকা তে জ্যাম’। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে পারফর্মও করেছেন তিনি।

গায়িকাদেরকে এখন অভিনয়েও পাওয়া যায়, আপনাকে কি কখনও অভিনয়ে দেখা যাবে, এমন প্রশ্নে কর্ণিয়া জানান, অনেক বছর আগেই কর্ণিয়ার কাছে প্রস্তাব এসেছিল। এখনো আসে, কিন্তু তিনি সে প্রস্তাবে রাজি হন না। তিনি বলেন, ‘অভিনয় বলেন বা নায়িকা হওয়ার প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু আমাকে সেসব টানেনি। আমার কাছে মনে হয়, সবারই গড গিফটেড একটা ব্যাপার আছে বা নিজস্ব একটা গুণ আছে। কারও সেটা ভয়েজে আবার কারও অভিনয়ে। আমি গান শিখে বড় হয়েছি, এটার পেছনে অনেক শ্রম রয়েছে, কিন্তু যেটা আমি জানি না সেটা আমি কেন করতে যাব! দর্শককে বিভ্রান্ত করার তো কোনো মানে হয় না। যে যেটাতে পারদর্শী তার সেটা নিয়েই থাকা উচিত বলে মনে করি। আর আমার পরিবারও চায় না আমি অভিনয় করি। তাদের মতে, দুই নৌকায় পা না দেওয়ায় ভালো।’

পাশাপাশি এও জানালেন শাকিব খানের সিনেমার প্রস্তাবও এসেছিল তার কাছে! বললেন, ‘আমি কয়েক বছর আগে শাকিব খানের সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। সেটা নায়িকা হিসেবে না হলেও একটা গানে পারফরম্যান্স করার। মানে, ওনার সিনেমাতে একটা গান করার কথা ছিল আমার এবং সেই গানের ভিডিওতে পারফর্ম করতে হবে। কিন্তু আমি না করে দিয়েছিলাম।’