গতকাল দারুণ এক আনন্দের উপলক্ষ পেয়েছে স্কটল্যান্ড নারী দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় হয়ে খেলতে উঠেছিল তারা। প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন শক্তিশালী আয়ারল্যান্ড। হেরে গেলেই বিশ্বকাপ স্বপ্ন বিসর্জন। এমন ম্যাচে অধিনায়ক ক্যাথরিন ব্রাইসের অসাধারণ বোলিং-ব্যাটিংয়ে আইরিশদের ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসছে স্কটিশরা।
আয়ারল্যান্ডের ১১০ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ড যখন জয় নিশ্চিত করে, তখন ক্রিজে ছিলেন দুই বোন। একজন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস অপর জন সারাহ ব্রাইস। ২৬ বছর বয়সী বড় বোন ক্যাথরিন ২০১৫ সাল থেকে খেলছেন বিশ্বকাপ বাছাইপর্ব। কিন্তু খুব কাছে গিয়েও একে একে হেরেছেন ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে।
ক্যাথরিন তার আগেই আইরিশ কফিনে পেরেক ঠুকে দেন অনবদ্য বোলিং করে। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। উইকেটের পেছনে দাঁড়িয়ে বড় বোন ক্যাথরিনের নৈপুণ্য দেখেন দুই বছরের ছোট উইকেটকিপার ছোট বোন সারাহ। এবার দুই বোন একসঙ্গে আসবেন বাংলাদেশে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। তাদের সঙ্গে শ্রীলঙ্কাও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।