গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৫২, মৃত বেড়ে ৩৪৭৩৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত ৩৪ হাজার ৭৩৫ জনে পৌঁছেছে। সোমবার (০৬ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে সাত মাসের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ৭৮ হাজার ১০৮ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন রায় উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার ফলে উপত্যকার অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি হামলার কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট হচ্ছে। ইতিমধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায়। তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় অনেকে। এরপর থেকেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সংঘাতে গাজায় প্রায় ৮০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সম্পূর্ণ ধ্বংস হওয়া আবাসনগুলো পুনরুদ্ধার করতে প্রায় ৮০ বছর সময় প্রয়োজন। তবে ২০২১ সালের সর্বশেষ সংকটের তুলনায় পাঁচগুণ দ্রুত নির্মাণসামগ্রী সরবরাহ করা হলে ২০৪০ সালের মধ্যে এটি পুনরুদ্ধার করা যেতে পারে।