‘জ্বলছে সুন্দরবন, রুখবে কে’, এই স্লোাগানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি প্রাকৃতিক অক্সিজেন খ্যাত সুন্দরবন রক্ষার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস ।
এ সময় বক্তারা বলেন, বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্যসমৃদ্ধ প্রকৃতির অপরূপ লীলাভূমি। সকল অগ্নিকাণ্ডের ঘটনার পরই করা হয় তদন্ত কমিটি; কিন্তু সুন্দরবন থেকে যায় অরক্ষিত। ফলে এখনই সুন্দরবন রক্ষায় সকলকে আরো বেশি উদ্যোগী হতে হবে।
বক্তারা বলেন, যে বন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে- সেই বন এবং বনের প্রাণীকূলকে বাঁচাতে সরকারের দ্রুত একটি যুগোপযোগী পরিকল্পনা করা প্রয়োজন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন বাপার জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার, পরিবশেকর্মী সৈয়দ আলী হাকিম, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, বাপা খুলনার নির্বাহী সদস্য নাজমুল তারেক তুষারসহ সমমনা পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।