১৪ ওভারের ম্যাচে ৫৬ রানে হারলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে আগের তিন ম্যাচেই দলীয় সংগ্রহ একশো পার করেছিল বাংলাদেশ নারী দল। আজ সিলেটে সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ১৪ ওভারে। ভারত আগে ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান তোলে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৬৮ রানে।

ভারত ১২২ রান করলেও বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ছিল ১২৫। ফলে ৫৬ রানে হারে বাংলাদেশ।

আজ ভারত ও বাংলাদেশ দুই দলে অভিষেক হয় দুজন খেলোয়াড়ের। বাংলাদেশের হয়ে ১৪ বছর ৩৪০ দিন বয়সে খেলতে নামেন পেসার হাবিবা ইসলাম। তো ভারতীয় দলে অভিষেক হয় ৩৩ বছর ৫১ দিন বয়সী স্পিনার আশা সোবহানার। অভিষেকটা ভালো হয়নি হাবিবার। ২ ওভার বল করে ২০ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি। উল্টো ঘটনা আশার বেলায়। ৩ ওভার বল করে ১৮ রানে ৩ উইকেট নেন।

১৪ ওভারে ১২৫ অর্থাৎ জিততে হয়ে বাংলাদেশকে রান তুলতে হতো ওভার প্রতি প্রায় ৯ (৮.৯২) করে। মুর্শিদা খাতুন (১) ফিরলে ১৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে দিলারা আখতার ও রাবেয়া হায়দার মিলে যোগ করেন আরও ২০ রান। ওপেনার দিলারা ফেরেন ২৫ বলে ২১ রান করে।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন ব্যর্থ হন। ১ রান করে অভিষিক্ত আশার এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। এই নিয়ে টানা তিন ম্যাচে এলবিডাব্লিউ হলেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতির মতো এক অঙ্কের ঘরে আউট হন স্বর্ণা (৫), রিতু মনি (১), রাবেয়া (৮)। শরিফা খাতুনের অপরাজিত ১১ বলে ১১ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

তার আগে বৃষ্টির কারণে মাঠে ভেজা থাকায় ১৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যোতি। তখন পর্যন্ত খেলা ২০ ওভারেই ছিল। ভারতীয় ইনিংসের ৫.৫ ওভার পর ফের বৃষ্টি হলে ম্যাচ ১৪ ওভারে নেমে আসে।

ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। তার ২৬ বলের ইনিংসে ছিল ৫টি চার। রিচা ঘোষ ৩ চার ও ১ ছক্কায় করেন ১৫ বলে ২৪। স্মৃতি মান্দানা ও দয়ালান হেমলতা দুজনে ২২ রান করে করেন।

বাংলাদেশের মরুফা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন হারমানপ্রিত কৌর। আগামী বৃহস্পতিবার সিলেটেই পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত।