ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৬ মে) দুপুরে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী দুই নিরাপত্তাকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার দিবাগত রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকার এস এস এগ্রো কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার কুরগ্রামের ফকির উদ্দিন সরকারের ছেলে আনিসুর রহমান (৫০) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহারুল আলম (৪৫)।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে হঠাৎ করে শিলা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ধামাইয়ের একটি ঘরে চারজন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। ঝড়ে ওই ঘরের এক পাশের দেয়াল ধসে পড়লে ওই চারজন নিরাপত্তাকর্মী দেয়ালের নিচে চাপা পড়েন। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান, কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় নিহতদের পরিবাররের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।