এবার হজ ভিসায় নতুন বিধান আরোপ করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালে হজ ভিসা দিয়ে তীর্থযাত্রায় অংশ নেওয়া মুসল্লিরা জেদ্দা, মদিনা এবং মক্কা শহরে ভ্রমণ করতে পারবে। তবে সৌদিতে কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়।
এই বিধি লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি না-ও পেতে পারেন। তাকে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যে সব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে। খবর গালফ নিউজের।
হজ ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে। এরই মধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বৈধ হজযাত্রীদের জন্য একটি করে ডিজিটাল নুসুক কার্ড দেওয়ার প্রকল্প শুরু করেছেন। এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদিতে যাওয়া হজযাত্রীদের দেওয়া হবে।