কেউই সাধু নন

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। কয়েক দিন আগে তার অভিনীত ‘হীরামান্ডি : ডায়মন্ড বাজার’ সিরিজটি মুক্তি পেয়েছে। তারপর থেকে জোর আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নারীবাদ নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রিচা। তার মতে সব নারী সাধু না। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না, সব নারী সাধু। নারী প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, তার দেওয়া চেক বাউন্স করেছে। অথচ তারা টুইটারে নারীবাদের ভান করেন। আমি বিষাক্ত সহ-অভিনেত্রী পেয়েছি, যারা সবসময় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেন। শুটিংয়ের সময়ে তারা সঠিক ‘কিউ’ পর্যন্ত দিতেন না।’ ‘সিস্টারহুডের অস্তিত্ব অবশ্যই রয়েছে। এটি তখনই বাস্তবে পাবেন যখন আপনি এটি তৈরি করবেন, লালন করবেন। কিন্তু এটি বুঝতে এবং তৈরি করতে একের অধিক মানুষ প্রয়োজন।’ বলেন রিচা চাড্ডা। নারীবাদীদের সমালোচনা করে আরও বলেন, ‘তারাই একমাত্র নারীবাদী কারণ তাদের একটি ভ্যাজাইনা (জরায়ু) রয়েছে আমি কি এটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে পারি? না। আমি অনেক নারীকে জানি, যারা প্রচণ্ড পুরুষতান্ত্রিক, অনেক পুরুষ রয়েছেন যারা ভীষণ নারীবাদী।’

গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামান্ডি : ডায়মন্ড বাজার’। তারকাবহুল এই সিরিজটি নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানসালি। মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ।