সুন্দরবনে আগুনের কারণ জানতে বিশেষজ্ঞ কমিটি

সুন্দরবন পূর্ব বন বিভাগের আমুরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে শতভাগ নেভেনি। এ নিয়ে বিভিন্ন সময়ে সুন্দরবনের পূর্ব বন বিভাগে অন্তত ২৫ বার আগুনের ঘটনা ঘটেছে। সুন্দরবনে আগুন লাগার কারণ এখনো ধোঁয়াশাপূর্ণ। তবে এবার আগুনের কারণ জানতে ও ক্ষতি নিরূপণে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বন সংরক্ষণ কর্মকর্তাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত রবিবার রাতে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী পশ্চিম বন বিভাগ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

আমীর হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগে এই নিয়ে অন্তত ২৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিবার তদন্ত প্রতিবেদনে ওই জায়গায় পানির পাম্প ও পাইপ বসানোসহ বেশ কিছু সুপারিশ আসে। গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল পাম্প ও পাইপ বসানো। তাই সুপারিশের আলোকে পাম্প ও পাইপ বসানো হয়। যার করণে উপরিভাগের আগুন সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আমীর হোসাইন চৌধুরী বলেন, আগুন ৫ একর বনাঞ্চলে ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক তিন সদস্যের কমিটি গঠন হয়। তারা প্রতিবেদন জমা দেবেন। এছাড়া আগুনের সূত্রপাত, ক্ষতি নিরূপণে খুলনা সার্কেলের বন সংরক্ষককে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে বন বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে। কমিটি ১০ কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে। আগামীতে করণীয় সম্পর্কেও মতামত প্রদান করবে।