মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে থাকা বৃদ্ধ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের দায়িত্ব নিচ্ছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। তারা সাময়িকভাবে অনাথ শিশু, বৃদ্ধ এবং প্যারালাইজড ব্যক্তিদের থাকা-খাওয়া, ওষুধ, চিকিৎসাসহ যাবতীয় ব্যবস্থা নিজ অর্থায়নে ইতিমধ্যে গ্রহণ করেছে।
গতকাল সোমবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টনের আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা দেওয়া হবে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার ডিবি কার্যালয়ে এসেছিলেন। তাকে অনুরোধ করা হয়েছে মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া-দাওয়া ও চিকিৎসাসেবা দিতে। এ ছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন যিনি চিকিৎসাসেবা দেবেন। এতে যা খরচ হবে সেই খরচ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে।
এ বিষয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, এ আশ্রমে থাকা মানুষরা এখন বিপদে পড়েছে। তাই এ আশ্রমে থাকা বৃদ্ধ, শিশু ও অসুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আশ্রমে থাকা বৃদ্ধ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের সাময়িক দায়িত্ব নিয়েছে আমাদের ফাউন্ডেশন। ঢাকার মিরপুর ও সাভারে থাকা আশ্রমের প্রায় ২৫০ জন মানুষের খাওয়া-দাওয়াসহ সার্বক্ষণিক একজন চিকিৎসক রাখব। সাময়িক এ দায়িত্বের জন্য আমাদের ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে।