জয়ের জন্য দলের দরকার ৬ রান। সেঞ্চুরির জন্য সূর্যকুমার যাদবের তখন প্রয়োজন ৪ রান। পেসার নাটরাজনের নিচু ফুল টস লং-অফের ওপর দিয়ে ছক্কায় ওড়ালেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।
সোমবার রাতে দারুণ এক সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতালেন সূর্যকুমার। আইপিএলে সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ওয়াংখেড়েতে ১৭৪ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই জয় যায় মুম্বাই। ৫১ বলে ৬ ছক্কা ও ১২ চারে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সূর্যকুমার।
চলতি আসরে প্রথম ও সব মিলিয়ে আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। টি-টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি।
রান তাড়ায় ৩১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ইশান কিষান, রোহিত শার্মা ও নামান ধিরকে হারিয়ে চাপে পড়েছিল মুম্বাই। সেখান থেকে তিলাককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন সূর্যকুমার।
৭৯ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সূর্যকুমার করেন ১০২ রান। ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিলাক।