আজ মঙ্গলবার সকাল থেকে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের পর্বে ভোট লোকসভার ৯৩ আসনে, যার মধ্যে রয়েছে গোটা গুজরাট রাজ্য।
এছাড়া তৃতীয় দফায় ভোট হচ্ছে গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা–নগর হাভেলি ও দমন–দিউয়ে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে চার লোকসভা আসন- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে চলছে ভোট গ্রহণ। এই চার আসনে মোট ভোটার সংখ্যা ৭৩ লাখ ৩৭ হাজার ৬৫১ জন। সব মিলিয়ে ৭ হাজার ৪৬০ টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।
ভারতের প্রথম দুই দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই হলেও তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং হাতাহাতির মধ্যে ভোটগ্রহন চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার।
অন্যবারের তুলনায় এবার পশ্চিমবঙ্গে ভোটারের উপস্থিতি ভালো হলেও নানারকম অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে আনন্দবাজার। মুর্শিদাবাদের বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া রাজ্যজুড়ে চারটি কেন্দ্রে ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও আবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগও পাওয়া গেছে।
তবে এসবের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ।
অন্যদিকে তৃতীয় দফায় গুজরাটের ২৬ আসনের মধ্যে ২৫ আসনে ভোট হচ্ছে আজ। এই রাজ্যের সুরাট আসনে বিজেপি প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। রাজ্যের গান্ধীনগরে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাগ্য নির্ধারণ হবে।
গত দুইবারের মত এবারও ভোটে নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি বুথে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি), হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ওয়েবক্যাম, ড্রোনের মাধ্যমেও ভোট প্রক্রিয়ার ওপর নজর রাখছে জাতীয় কমিশন।
পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসনে সাত দফায় নির্বাচন হবে। সেখানে আরও ৪ দফার ভোট বাকি আছে। চতুর্থ দফায় ১৩ মে, পঞ্চম দফায় ২০ মে, ষষ্ঠ দফায় ২৬ মে এবং সপ্তম শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। ভোট গণনা হবে আগামী ৪ জুন।