শঙ্কাটাই সত্য হলো। মাথিশা পাথিরানার এবারের আইপিএল যাত্রা শেষ। চলতি আইপিএলে আর দেখা যাবে না শ্রীলঙ্কান এই পেসারকে।
হ্যামস্ট্রিং চোটে পড়ে শ্রীলঙ্কায় ফিরে গিয়েছিলেন। সেখান থেকে আর চেন্নাই শিবিরে আসা হচ্ছে না তার।
চেন্নাই সুপার কিংসের পেস বোলিং লাইনআপ সাজানো হয়েছিল মোস্তাফিজুর রহমান ও পাথিরানাকে নিয়ে। মোস্তাফিজ গেল ২ মে দেশে ফিরে এসেছেন জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে। এবার পাথিরানাকেও হারালো চেন্নাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথিরানা লিখেছেন, ‘বিদায় নেয়াটা কঠিন, এখন চেন্নাইয়ের ড্রেসিংরুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছে। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা।’
এবারের আইপিএলে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন পাথিরানা। মোস্তাফিজ ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। পারফর্ম করা দুই বোলারকে একসঙ্গে হারিয়ে বেশ বড় ধাক্কাই খেতে হচ্ছে চেন্নাইকে।