যে কারণে যশের সিনেমা থেকে সরে দাঁড়ালেন কারিনা 

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্‌স’  ছবিতে কেজিএফ তারকা যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুরের। তবে কিছু দিন আগে সিনেমাটি থেকে সরে যান কারিনা।

তার সরে আসার কারণ নিয়ে ধোঁয়াশা ছিল অনুরাগীমহলে। শোনা গিয়েছিল, তারিখ নিয়ে সমস্যার কারণেই নাকি কারিনার এই সিদ্ধান্ত। তবে বলিপাড়ার অন্দরের গুঞ্জন, ছবিতে কিয়ারা আডবাণী এবং শ্রুতি হাসানের উপস্থিতির জন্য কারিনা সরে গেছেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, তারিখ নিয়ে কোনও সমস্যা নেই। এই মুহূর্তে কোনও ছবিও করছেন না কারিনা। সব দিক মাথায় রেখেই শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছিল।

জানা গেছে, তার অভিনীত চরিত্রের দৈর্ঘ্য নিয়ে সংশয়ে ছিলেন কারিনা। ছবিতে কিয়ারা আডবাণী এবং শ্রুতি হাসানের মতো অভিনেত্রী থাকায় নিজের চরিত্রের গুরুত্ব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বেবো। তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিয়ারা ও শ্রুতি অভিনীত চরিত্রের ভারে করিনার চরিত্র কতটা চোখে পড়বে. তা নিয়ে সংশয় তৈরি হয় অভিনেত্রীর।

প্রায় তিন বছর পরে এই ছবির মাধ্যমে রূপালি পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা যশ। ছবিটি পরিচালনা করছেন গীতু মোহনদাস।