‘পরিবেশ উপযোগী নয়, এমন গাছ বেশি রাজধানীতে’

পরিবেশ উপযোগী নয়, এমন গাছে ভরে আছে রাজধানী বলে অভিযোগ করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। তারা বলছেন, ‘বিভিন্ন প্রকল্পের আওতায় বনসাই, চায়নিজ টগরসহ নানা দামি বিদেশি গাছ লাগানো হচ্ছে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার, তা দিন দিন কমে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে সারা দেশে নির্বিচারে গাছ কাটা বন্ধ ও প্রাকৃতিক অক্সিজেন সুন্দরবন রক্ষার দাবিতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে স্বাগত বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও গ্রিন ভয়েসের উপদেষ্টা ড. আহমদ কামরুজ্জামান বলেন, ‘গত তিন সপ্তাহ সারা দেশের ওপর চলমান তীব্র তাপমাত্রা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করলে, গাছপালা কেটে ফেললে, জলাধার ধ্বংস করলে প্রকৃতি কীভাবে প্রতিশোধ নেয়, তা আজ সবাই অনুধাবন করতে পারছি।’

প্রকৃতি নিধনের প্রতিবাদ জানিয়ে গ্রিন ভয়েসের উপদেষ্টা শুভ কিবরিয়া বলেন, ‘যে গাছ আমাদের নিশ্বাস দিচ্ছে, সেই গাছকেই আমরা ধ্বংস করছি। বর্তমানে আমাদের এসব কর্মকা-ের প্রতিবাদ করতে হবে।’ গ্রিন ভয়েস সংগঠনের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর বলেন, ঢাকায় যেখানে ২৫ ভাগ বনায়ন থাকার দরকার, সেখানে ৭ থেকে ৮ ভাগ রয়েছে। সেটাও বিভিন্ন স্থাপনা গড়ার মাধ্যমে নিধন করার পাঁয়তারা চলছে।