প্রতিকূল আবহাওয়ার মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ দুইটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন।
বুধবার (৮ মে) সকাল ৮ টায় শুরু হয় ভোটগ্রহণ যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এদিকে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ভোর ৪ টা থেকে বৃষ্টি শুরু হয়ে ৬ টা পর্যন্ত বরিশালে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৮ টা পর্যন্ত এই বৃষ্টি হয়। যা সারাদিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহমুদুল হক খান মামুন আনারস, এস এম জাকির হোসেন মোটরসাইকেল, মো. আব্দুল মালেক কাপ-পিরিচ, মো. মনিরুল ইসলাম ছবি দোয়াত-কলম ও মো. মাহবুবুর রহমান মধু ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন। আর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন তালা, মো. মাহিদুর রহমান মাহাদ বই, মো. হাদিস মীর টিউবওয়েল ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নেহার বেগম হাঁস, মারিয়া আক্তার ফুটবল ও মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপী কলস প্রতীক পেয়েছেন।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশ্বাস মুতিউর রহমান বাদশা আনারস, রাজিব আহম্মদ তালুকদার কাপ পিরিচ, ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান মোটরসাইকেল ও ফিরোজ আলম খান দোয়াত-কলম প্রতীক পেয়েছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে ডক্টর আবদুস সালাম মল্লিক উড়োজাহাজ, সাইফুল ইসলাম ডাকুয়া তালা, মো. শাহবাজ মিঞা শোভন বই এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা মাহবুব কলস, তাহমিনা বেগম মিনু হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশালে ৬৮টি ভোট কেন্দ্রে এক লাখ ৯৫ হাজার ২৯৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৬৮টি কেন্দ্রের মধ্যে দূরে থাকা দুটি কেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রীর সঙ্গে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। তবে অন্য ৬৬টি কেন্দ্রে ভোটের দিন ভোর পাঁচটার মধ্যে ব্যালট পৌঁছে দেওয়া হবে।
এর মধ্যে এ উপজেলার মোট ৬৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে বলে জনিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির।
অপরদিকে, বাকেরগঞ্জের ১১৩টি ভোট কেন্দ্রে তিন লাখ এক হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে দ্বীপাঞ্চলের ৪৪টি ভোট কেন্দ্রে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী সাংবাদিকদের বলেন, শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে পোলিং এজেন্টরা সঙ্গে সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারকে জানাবেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির সাংবাদিকদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ৬৮টি কেন্দ্রে এক হাজারের বেশি পুলিশ কাজ করবে। এর মধ্যে মোবাইল টিম থাকবে ৩৭টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন করে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। বহিরাগত ঠেকাতে ১৯টি চেকপোস্ট থাকবে। আর সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে একটি করে টিম কাজ করবে। পাশাপাশি থাকবে স্ট্যান্ডবাই ফোর্সসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা।#