ভোটগ্রহণের গোপন কক্ষের ভিডিও ধারণ করে ফেসবুকে ছাত্রলীগ নেতার পোস্ট

নিজে ভোট দিতে গিয়ে ভোটগ্রহণের গোপন কক্ষের ভিডিও এবং ছবি ধারণ করেছেন জেলা ছাত্রলীগ নেতা নাফিউল করীম রাব্বি। সেই ভিডিও তিনি তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করেছেন।

বুধবার (৮ মে) সকাল ১১টার দিকে জামালপুর পৌর শহরের জরিনা মিয়ার উদ্দিন ও জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা নাফিউল করীম রাব্বির ফেসবুক পোস্ট।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাফিউল করীম রাব্বি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর শহরের স্টেশন রোড বাগান বাড়ি এলাকার বাসিন্দা।

জানা যায়, ছাত্রলীগ নেতা নাফিউল করীম রাব্বি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ফিঙ্গার দিয়ে গোপন কক্ষে যান। তার সঙ্গে থাকা একজনকে দিয়ে ভিডিও এবং ছবি ধারণ করেন। পরে সেই ভিডিও এবং ছবি তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি বলেন, আইডিটা এডমিন দিয়ে চালানো হয়। সে ভুলবশত ফেসবুকে পোস্ট দিয়েছে। পরে এটা আমার নজরে আসার পরে সরিয়ে দেওয়া হয়েছে।

জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, গোপন কক্ষের মধ্যে ফোন নিয়ে যাওয়া ও ছবি তুলা আইন বিরোধী কাজ। বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখতেছি।

এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তুলা বেআইনি। বিষয়টি কেউ আমাদের অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।