৯০০ জাল ভোটসহ প্রিজাইডিং অফিসার আটক

বগুড়া গাবতলী উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ মে) বেলা ১২টার দিকে রামেশ্বাপুর ইউনিয়নের কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রিজাইডিং অফিসার হলেন শাজাহান আলম। এছাড়া আনারস মার্কা প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্ট এরশাদ আলীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ব্যালটে সিল মারা ৯০০টি জাল ভোটসহ তাদের আটক করা হয়৷ এছাড়াও প্রায় ৩০০টি জাল ভোট বাক্সে ফেলার অভিযোগ স্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার শাজাহান আলম।

আটকের বিষয় নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাতেনাতে তাদের আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

বগুড়া গাবতলী উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট আটক।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, যেখানে অভিযোগ আছে ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণ চলবে। দুপুর পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলেও জানান তিনি।