অবসর ভেঙে ফিরতে চান রোমান, চেয়েছেন ক্ষমা

আর্থিক সুবিধা না থাকা ও মানসিক সমস্যার কারণ দেখিয়ে আচমকাই আর্চারি থেকে অবসর নিয়েছিলেন রোমান সানা। তেমনি আবার হুট করেই জানা গেল আবারও ফিরতে চান জাতীয় দলে। অযাচিত মন্তব্যের কারণে নাকি ফেডারেশনের কাছে ক্ষমাও চেয়েছেন আর্চারির এই পোস্টার বয়।

গত ২ মে তিনি ফেডারেশনকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার অনুরোধ করেছেন এক চিঠি দিয়েছেন। অবসরের মাত্র দুই মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনতে চান। একইসঙ্গে চিঠিতে তিনি অযাচিত মন্তব্যের কারণে আর্চারি ফেডারেশনের যে ভাবমূর্তি ক্ষুন্ণ হয়েছে, তার জন্য ক্ষমাও চেয়েছেন রোমান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তিনি বলেছেন, ‘রোমান ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে। সভাপতির কাছে দেওয়া নতুন চিঠিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছে।’

তবে ফেরাটা সহজ হবে না। সেটা ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথাতেই পরিষ্কার, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনও একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

এই বিষয়ে রোমান সানার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।