সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ সিনেমা নিয়ে বিশ্বজুড়ে তুমুল হইচই। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নিতাংশী গোয়েল। ‘লাপতা লেডিজ’ এর সেই ‘ফুল কুমারী’ এবার মেট গালা-তেও হাজির। মেট গালার রেড কার্পেট মাড়িয়েছেন ‘ফুল কুমারী’র বেশেই।
কোনও নামী শিল্পীর ডিজাইন করা পোশাক নয়। নিতাংশীর পরনে ছিল একটি লাল শাড়ি আর তার উপরে মেরুন রঙের শাল। মাথা ঢাকা সেই মেরুন চাদরে। মুখও প্রসাধনীহীন। কপালে শুধু ছোট্ট টিপ। ছবিতে ‘ফুল কুমারী’র বেশ যেমন ছিল।
নিতাংশীর এই ছবি মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। নেটাগরিকরা অবাক, কীভাবে একটি ছবিতে অভিনয় করেই মেট গালা-য় পৌঁছে গেলেন তিনি! আসল ঘটনা অন্য। আমির খান প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নিতাংশীর এই ছবি পোস্ট করা হয়। তারাই নিতাংশীর ছবি মেট গালা-র প্রেক্ষাপটে রেখে তৈরি করেছে। সেই ছবির ক্যাপশনে লেখা, ‘যথাসময় বাগানে আমাদের ‘ফুল’ ফুটেছে।’ সেই ছবিই নিজের সমাজমাধ্যমে শেয়ার করেন নিতাংশী।
ছবিটি তৈরি করা হলেও, পছন্দ হয়েছে নিতাংশীর অনুরাগীদের। একজন মজা করে মন্তব্য করেছেন, ‘মেট গালাতেও ফুল তার চিরকালীন বিয়ের পোশাকে।’ আর এক জনের মন্তব্য, ‘সূর্যমূখী গ্রাম থেকে মেট গালা! ফুল কুমারীই আগামীর বড় ব্যক্তিত্ব।’ অনেকেই আবার সত্যি সত্যিই নিতাংশীকে মেট গালার লাল কার্পেটে ভবিষ্যতে দেখতে চাইছেন।
প্রসঙ্গত, মেট গালা ২০২৪-এ বিশেষ ভাবে নজর কেড়েছে আলিয়া ভাটের সাজ। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি পরে লাল কার্পেটে হেঁটেছেন তিনি। সমাজমাধ্যম জুড়ে আলিয়ার এই শাড়ি বহুল চর্চিত।
উল্লেখ্য, ‘লাপতা লেডিজ’-এ ‘ফুল কুমারী’র চরিত্রে নিতাংশীর সারল্যে ভরা অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।