নাটকের শিল্পীরাই সিনেমায় বেশি কাজ করছে

‘একটা সময় সিনেমার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। সে সময় বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছিলাম এবং গল্প নিয়ে কথাও হয়েছিল। কিন্তু আর করা হয়নি। কারণ, আমার পরিবারের মধ্যে আমিই প্রথম যে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি বা এই অঙ্গনে কাজ করি।’ দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপকালে চলচ্চিত্র প্রসঙ্গে কথাগুলো বললেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার নাদিয়ার। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও বেশ পারদর্শী। তার মতে, এখন নাটকের শিল্পীরাই বেশি সিনেমায় কাজ করছে। ভালো ভালো গল্পে সিনেমা হচ্ছে। যার কারণে এখন সিনেমার প্রতি তার আগ্রহ বেড়েছে।

নাদিয়া আহমেদ বলেন,  গত বছর থেকে সিনেমার একটা জোয়ার এসেছে। দর্শক হলমুখী হচ্ছে। সেই সব দর্শকের মধ্যে আমিও একজন। হলে গিয়ে সিনেমা দেখতে ভালো লাগে, বিশেষ করে বাংলা সিনেমা দেখতে খুবই ভালো লাগে। এখন শিল্পীদের মধ্যেও সিনেমা নিয়ে অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে। আমারও সেটা আছে।

তবে নাদিয়ার আগ্রহটা সব সময় ওই টেলিভিশনকেন্দ্রিকই ছিল। তার কিংবা পরিবারের চলচ্চিত্র নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। সিনেমায় আসা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যে সময়টাতে আমার কাছে সিনেমার প্রস্তাব এসেছিল, তখন আমার শুধু নাচ আর টেলিভিশনে অভিনয় নিয়েই আগ্রহ ছিল। আমার কিংবা আমার পরিবারের কারোরই সিনেমা নিয়ে তেমন আগ্রহ ছিল না। তবে এখন অনেকটা সময় পার হয়েছে, গল্পের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন অভিনয়শিল্পী হিসেবে আমার কাছে মনে হয়, একটা চরিত্র যেটা অনেক বছর মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে, এ রকম কিছু হলে অবশ্যই সিনেমা করব। ভালো গল্প, চরিত্র পেলে যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে হয়তো বা ভবিষ্যতে হতে পারে।

চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে টেলিভিশনের জনপ্রিয় এই মুখ বললেন, একটা সময় ফিল্ম স্টারদের মনে হতো আকাশের তারা। কারণ ওনারা সব সময় একটু আড়ালে থাকতেন। আমরা যারা টেলিভিশনে অভিনয় করি, তাদের দর্শক খুব কাছ থেকে দেখতে পায় টেলিভিশনে, যেহেতু টেলিভিশন ড্রইংরুম মিডিয়া। সেদিক থেকে নাটকের শিল্পীদের দর্শকের ঘরের মানুষ মনে হয়। এখন অবশ্য অনেক কিছুই পরিবর্তন হয়েছে যোগ করেন তিনি।