গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নির্বিচারে নির্বিঘেœ হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘তারা (বিএসএফ) জানে বাংলাদেশের অবৈধ শাসকগোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে না।’
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।
গত মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনাসহ বিভিন্ন সময় বাংলাদেশিদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দিয়েছেন তিনি।
বিএসএফের হত্যাকা-ের বিচার চাওয়া তো দূরের কথা, আওয়ামী শাসকগোষ্ঠী প্রতিবাদ করতেও পারে না বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যায় নীরবতা পালন করে।’
মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষকে খুশি রাখাই যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি।’
এর আগে দুপুর দেড়টার দিকে পবিত্র ওমরাহ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।