ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে সেখানে ভোটগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পক্ষের আইনজীবী।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এক সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিতের আদেশ দেয় হাইকোর্টের একটি একক বেঞ্চ। এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন সরকারি দলের প্রার্থী মো. নায়েব আলী জোয়ার্দ্দারের নির্বাচনী এজেন্ট মো. আনিসুর রহমান। অন্যদিকে নির্বাচন কমিশনও (ইসি) একই আবেদন করে। আগামী ৫ জুন এ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও বিএম ইলিয়াস কচি। অন্যপক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব। ইসির পক্ষে ছিলেন মোহাম্মদ খালেকুজ্জামান।
অ্যাডভোকেট খালেকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আট সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটি স্থগিত করেছে চেম্বার আদালত। এ সময়ের মধ্যে উপনির্বাচন হবে, এতে আইনি বাধা নেই।’
এ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ মারা যান। আসনটি শূন্য ঘোষণার পর ২৩ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করে ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পরাজিত স্বতন্ত্র নজরুল ইসলাম দুলাল নির্বাচন স্থগিত চেয়ে গত ২৫ এপ্রিল হাইকোর্টে আবেদনটি করেন।