চ্যাম্পিয়নস লিগে আবারও প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল দ্বিতীয় লেগে ২-১ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে উঠে গেছে ফাইনালে।
চলতি মৌসুমে এর আগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভালভের্দের গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে জিতেছিল রিয়াল। তখন কোচ আনচেলত্তি বলেছিলেন, রিয়াল কখনো মরে না। এবারের জয়টা তার কাছে মনে হয়েছে 'ম্যাজিক্যাল।'
ম্যাচে পিছিয়ে থাকা রিয়ালের হয়ে তিন মিনিটের মধ্যে দুই গোল করে জয় এনে দেন হোসেলু।
জয়ের পর আনচেলত্তি বলেন, 'এটি আবারও ঘটল (প্রত্যাবর্তনে জয়)। আগেও এমন হয়েছে আমাদের সঙ্গে যা আসলে ব্যাখ্যাতীত। সমর্থকরা আমাদের জয়ের তাড়না দেন, স্টেডিয়ামে আমাদের যেভাবে সমর্থন দেন আর খেলোয়াড় যারা প্রতিনিয়ত বিশ্বাস করেন জয়ের ব্যাপারে পুরো বিষয়টি ম্যাজিক্যাল।'
আনচেলত্তি আরও বলেন, 'এটি ব্যাখ্যা করা কঠিন। এই টুর্নামেন্ট মানেই যেন রিয়ালের ম্যাজিক। আর এই স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে বিষয়টি আরও বিশেষ।'
রিয়াল মাদ্রিদ বারবার ফিরে আসে তবে সেটি যে কোন অঘটন নয়, ভালো খেলেই ফিরে আসে সেটি মনে করিয়ে দিলেন আনচেলত্তি। 'আমরা ভালো খেলেছি, আমার মতে এটি কঠিন একটা ম্যাচ ছিল কিন্তু আমাদের নিয়ন্ত্রণে ছিল। তারা (বায়ার্ন) যখন গোল করেছে আমরা পথ হারাইনি। আমি সমর্থক এবং খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই।'
রিয়ালের বর্তমান স্কোয়াড যা করেছে এতটা আশা আনচেলত্তি নিজেও করেননি। তাই খেলোয়াড়দের প্রশংসা ঝরল আনচেলত্তির মুখে। 'এই স্কোয়াড যা করেছে আমিও ভাবিনি সেটি। ফাইনালে আমরা। সমর্থকদের সঙ্গে দারুণ উদযাপন হবে কারণ আমরা লা লিগা জয়ের উদযাপনটাও করব।'
ওয়েম্বলিতে ১ জুন ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।