অফসাইডে বায়ার্নের গোল বাতিল

ডি লিখটের দাবি ভুল স্বীকার করেছেন লাইনসম্যান

ম্যাচের যোগকরা সময়ের শেষ দিকে বায়ার্নের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখট রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন। তাতে মেলেনি গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ।

অফসাইডে গোল বাতিল হওয়া নিয়ে ডি লিখট বলেন, ‘লাইনসম্যান আমাকে বলেছেন “দুঃখিত, ভুল করেছি।” আমার মনে হয় আমার সবাই নিয়ম জানি। অফসাইড হয়েছে কি না, সেটা পরিষ্কার না হলে খেলা চালিয়ে যেতে হবে। এটাই নিয়ম! আমার কাছে এটাকে অনেকটা লজ্জার মনে হয়েছে। হোসেলু গোল করার সময় প্রায় অফসাইড ছিল, কিন্তু তখন তারা খেলা চালিয়ে গেছে। তাহলে আমাদের বেলায় কেন নয়?’

লা লিগায় চলতি মৌসুম চলাকালে বেশ কয়েকবার রেফারিং নিয়ে অভিযোগ করেছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। রিয়াল রেফারির সহায়তা পায় ইঙ্গিত করে কথা বলেছেন রিয়ালের প্রতিপক্ষ দলের অনেকে।

লিখট আরও বলেন, 'আমি বলতে চাই না যে রিয়াল মাদ্রিদের (দলে) সব সময় রেফারি থাকে তবে আজ (বুধবার) সেই রেফারিই পার্থক্য গড়ে দিয়েছে। রিয়াল এমন এক দল যারা শেষ পর্যন্ত লড়াই করে। এই কারণেই তাদের ১৪ চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে।'

তবে বায়ার্নের এমন অভিযোগ মানতে নারাজ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘মুভটা একেবারেই স্পষ্ট। লাইনসম্যান পতাকা তুলেছে, রেফারি বাঁশি বাজানোর পরই আমরা থেমে গেছি। তারা যদি এটা নিয়ে অভিযোগ করে, আমরা নাচোর বাতিল হওয়া গোলটি নিয়েও অভিযোগ করতে পারি।’

তার আগে ৭১ মিনিটের সময় বায়ার্ন ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল। রিয়াল তখন গোল পেলেও ভিএআরের মাধ্যমে দেখা যায়, বায়ার্নের কিমিখকে ফেলে দিয়েছিলেন রিয়াল অধিনায়ক নাচো ফার্নান্দেজ। ফাউল করায় গোলটি বাতিল করে দেয় ভিএআর।