ব্রাজিলে আবারও ভারী বৃষ্টিপাতে ব্যাহত উদ্ধারকাজ, নিহত বেড়ে ১০০

চলতি সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল। প্রদেশটিতে শত শত শহর বর্তমানে পানির নিচে।

ইতিমধ্যে প্রদেশটিতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০ জনে এবং অন্তত ১২৮ জন এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দিন-রাত কাজ করছেন উদ্ধারকারীরা। খবর রয়টার্স।

এমন অবস্থায় গতকাল বুধবার থেকে আবারও প্রদেশটিতে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। তীব্র ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ব্রাজিলের অবস্থা আরও খারাপ হতে পারে শংকা কর্তৃপক্ষের।

রাজ্যের রাজধানী পোর্টো আলেগ্রের দক্ষিণে প্যাটোস লেগুনের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, শহরের উত্তরে ক্যানোসে বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে সাঁজোয়া গাড়ি ব্যবহার করছিল সেনাবাহিনীর সৈন্যরা। কিন্তু পুনরায় বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এলাকাটিতে পানি প্রায় তিন মিটার (১০ ফুট) উচ্চতায় পৌঁছেছে।

দিন দিন পরিস্থিতি মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে সেখানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

মূলত আগে থেকেই আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল ব্রাজিলের আবহাওয়া অধিদপ্তর।