প্রয়াত হলেন মালয়ালম পরিচালক ও সিনেমাটোগ্রাফার সঙ্গীত শিবন। বুধবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। যদিও পরিচালকের মৃত্যুর কারণ এখনও অজানা।
পরিচালকের প্রয়াণে মালয়ালম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ‘আপনা সাপনা মানি মানি’ ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সঙ্গীত স্যর আর নেই জেনে আমি দুঃখিত। নতুন অভিনেতা হিসেবে প্রত্যেকেই একটা সুযোগের অপেক্ষায় থাকে। তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা।’’
চলচ্চিত্র নির্মাতা শিবনের জ্যেষ্ঠ পুত্র সঙ্গীত। তার দুই ভাই সন্তোষ শিবন ও সঞ্জীব শিবনও ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক ও সিনেমাটোগ্রাফার। ১৯৯০ সালে ‘ব্যুহম’ ছবির মাধ্যমে মালয়ালম ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে পা রাখেন সঙ্গীত। তবে দু’বছর পর মোহনলাল অভিনীত ‘যোদ্ধা’ ছবিটি মুক্তির পর সঙ্গীতকে আর ফিরে তাকাতে হয়নি। একে একে পরিচালনা করেন ‘গন্ধর্বম’ ও ‘জনি’-র মতো ছবি।
মালয়ালম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন সঙ্গীত। তার পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘জোর’। এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল। পরবর্তী সময়ে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘কেয়া কুল হ্যায় হম’, ‘আপনা সাপনা মানি মানি’ ও ‘ক্লিক’-এর মতো নানা স্বাদের হিন্দি ছবি পরিচালনা করেন তিনি। ২০১৩ সালে মুক্তি পায় তার পরিচালিত শেষ হিন্দি ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’।
উল্লেখ্য, আমির খানের প্রথম দিকের ছবি ‘রাখ’-এর অন্যতম প্রযোজক ছিলেন সঙ্গীত।