৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পিএসসির বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে রেকর্ড গড়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি এবার প্রিলিমিনারির ফল প্রকাশ করতে সময় নিয়েছে মাত্র ১১ দিন।
এর আগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ে প্রকাশ করেছিল পিএসসি। সেসময় পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করেছিল তারা। এ ছাড়া ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। এর আগে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে সবচেয়ে বেশি সময় নিয়েছিল পিএসসি। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন মাস পর ফলাফল প্রকাশ করা হয়েছিল।
আর ৪২তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল ১ মাস পর। এ ছাড়া আর কোনো বিসিএস এত কম সময়ে প্রকাশ করা হয়নি।
এর আগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর ফল দ্রুত প্রকাশের ক্ষেত্রে রেকর্ড গড়তে চায় বলে জানিয়েছিল পিএসসি। সে ঘোষণা অনুযায়ী ইতিহাসের সবচেয়ে কম সময়ে প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।