টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আইপিএলে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। যা টুর্নামেন্টটির ১৭ বছরের ইতিহাসে এর আগে মাত্র দুইবার ঘটেছিল। আইপিএলের আগের ১৬ আসরের মাত্র দুই আসরে এক মৌসুমে ১ হাজার বা তার বেশি ছক্কা মেরেছিলেন ব্যাটারেরা।
তবে চলতি বছরের আইপিএলে সেসব রেকর্ডও ভেঙে দিয়েছে। সব থেকে কম বলে ১ হাজারটি ছক্কা হয়েছে এ বারের প্রতিযোগিতা। মাত্র ৫৭তম ম্যাচে হয়েছে এই রেকর্ড।
বুধবার লখনৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই রেকর্ড হয়েছে। অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পর পর দু’টি ছক্কা মারেন ক্রুণাল পাণ্ড্য। দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা। ১৩,০৭৯ বলে ১০০০ ছক্কা হয়েছে এ বারের প্রতিযোগিতায়। আইপিএলের ইতিহাসে কোনো বার এত কম বলে ১০০০ ছক্কা হয়নি।
এর আগে মাত্র দু’বার এক মৌসুমে ১ হাজার বা তার বেশি ছক্কা হয়েছে। ২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। এত দিন সেটাই ছিল রেকর্ড। তার আগের বছর অর্থাৎ, ২০২২ সালে ১০৬২টি ছক্কা মেরেছিলেন ব্যাটারেরা। ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০টি ছক্কা মারতে।
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, যত সময় গড়াচ্ছে তত ছক্কার সংখ্যা বাড়ছে। চলতি বছর ধরলে শেষ তিন বারই ১০০০-এর বেশি ছক্কা হয়েছে প্রতিযোগিতায়। ২০২২ সালে যত গুলি বল লেগেছিল, পরের বছর তা কমেছিল। চলতি বছর তা আরও কমল। এ বার দেখার পালা চলতি বছর প্রতিযোগিতা শেষে মোট গত গুলি ছক্কা মারতে পারেন ব্যাটারেরা। সেই পরিসংখ্যানেও রেকর্ড হয় কি না।